রাজধানীর মিরপুর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি আগামী রোববার (১৬ আগস্ট) হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে মামলাটি ওইদিনের কার্যতালিকার ২২ নম্বর ক্রমিকে রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই মামলায় রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের গলায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়, যা রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার কথা বলা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, রামিসা পল্লবীর একটি বাসায় তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন। একই বাড়ির অন্য ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পর সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি স্বপ্নাকে পুলিশ হেফাজতে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ২৫ মে চার্জশিট দাখিল করেন এবং মাত্র ১৯ দিনের মাথায় ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে। রায়ের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে প্রেরণ করা হলে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। আগামী রোববার উভয় আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা।