মুম্বাইয়ের ব্যস্ত রেলওয়ে স্টেশনে প্রতিদিনের ব্যস্ততার মধ্যেই হঠাৎ ঘটে গেল ব্যতিক্রমী এক ঘটনা। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে ভেসে উঠল বলিউড অভিনেত্রী রানী মুখার্জির চেনা কণ্ঠ। আচমকা প্রিয় তারকার কণ্ঠ শুনে অনেক যাত্রীই থমকে দাঁড়িয়ে যান।

মাইকে শোনা যায় ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় চরিত্র শিবানি শিবাজি রায়ের কণ্ঠ। চরিত্রটির ভূমিকায় অভিনয় করা রানী মুখার্জি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বার্তা দেন।

পাশাপাশি এই বিশেষ ঘোষণার মাধ্যমে ‘মারদানি ৩’-এর টেলিভিশন প্রিমিয়ারের প্রচারণাও চালানো হয়। সিনেমাটিতে রানী আবারও শিবানি শিবাজি রায়ের চরিত্রে ফিরেছেন।

ব্যস্ত স্টেশনের লাউডস্পিকারে হঠাৎ রানীর কণ্ঠ শুনে যাত্রীদের মধ্যে তৈরি হয় কৌতূহল। অনেকেই বিষয়টি মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

প্রিয় তারকাকে এমন ভিন্নধর্মী প্রচারণার মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তা দিতে দেখে প্রশংসা করেছেন অনুরাগীরা। সাধারণ যাতায়াতের ব্যস্ততার মাঝে রানী মুখার্জির এই আকস্মিক উপস্থিতি ও বার্তা যাত্রীদের জন্য হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা।

সূত্র: আজকাল