গাজা থেকে সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করাই ইসরায়েলের লক্ষ্য বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ লক্ষ্য বাস্তবায়ন ঠেকাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অবিলম্বে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মিসরের আল-আলামেইন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফিদান।

তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার এমন নীতি গ্রহণ করছে, যা মানবিক মর্যাদাকে পদদলিত করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিগুলো মেনে নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর আরও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

গাজা পরিস্থিতি নিয়ে তুরস্ক ও মিসরের ভূমিকার কথাও তুলে ধরেন ফিদান। তিনি বলেন, গাজায় সহিংসতা বন্ধের প্রচেষ্টায় তুরস্ক ও মিসর যৌথভাবে কাজ করছে এবং ট্রাম্প-সমর্থিত ‘গাজা বোর্ড অব পিস’-এও যুক্ত হয়েছে।

ফিদানের দাবি, যৌথ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে গাজায় চলমান হত্যাযজ্ঞ ‘কিছুটা হলেও’ কমানো সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে তুরস্ক ও মিসরের সমন্বিত ভূমিকা সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী।