বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিশন মোট তিনটি মনোনয়নপত্র গ্রহণ করেছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে।
একই প্রার্থীর দুটি মনোনয়নপত্র দাখিলের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ের আওতাধীন। প্রথম মনোনয়নপত্র কোনো কারণে বাতিল হলে কেবল তখনই দ্বিতীয় মনোনয়নপত্রটি যাচাই করে দেখা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সার্বিক সহযোগিতা ও উপস্থিতির জন্য সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি থাকবেন।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।