সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে যাচ্ছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। বিশেষ করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার পর তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তনের আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয় ও রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্রের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তিনি বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আলোচনা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার গুঞ্জন রয়েছে।

এতে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করতেই দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে এসব পরিবর্তনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।