দুই বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ২০২৪ সালে ‘স্ত্রী ২’ সিনেমার মাধ্যমে দারুণ সাফল্য পাওয়ার পর এবার জীবনীভিত্তিক সিনেমা ‘ঈঠা’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। লক্ষ্মণ উটেকর পরিচালিত সিনেমাটি প্রথমে ২৮ আগস্ট মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ঈঠা’। নতুন মুক্তির তারিখ ঘোষণা করে নির্মাতারা এক বিবৃতিতে জানিয়েছেন, টিজার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় এবার আরও বড় পরিসরে সিনেমাটি নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “টিজার সব রেকর্ড ভেঙে দেওয়ার পর সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে ফিরছে ‘ঈঠা’র দল। এবারের ডিসেম্বরে বড় পর্দায় আসছে প্রাণবন্ত এক নতুন গল্প।”

মহারাষ্ট্রের বিখ্যাত লোকনাট্য তামাশা ও লাভণী শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরকে ঘিরেই নির্মিত হয়েছে ‘ঈঠা’। অত্যন্ত সাধারণ পারিবারিক পরিবেশ থেকে উঠে এসে তিনি মহারাষ্ট্রের অন্যতম খ্যাতিমান লোকনাট্যশিল্পীতে পরিণত হয়েছিলেন। আদর করে তাকে ‘ঈঠা’ নামে ডাকা হতো।

সিনেমাটিতে ভিঠাবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। প্রায় এক মাস আগে প্রকাশিত হয় ‘ঈঠা’র টিজার। প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ইউটিউবে টিজারটির ভিউ ইতোমধ্যে ৪ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে।

টিজারে দেখা যায়, সন্তান জন্ম দেওয়ার পরপরই মঞ্চে উঠে নৃত্য পরিবেশন করছেন ঈঠা। এই দৃশ্যে শ্রদ্ধা কাপুরের অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। তার অভিনয়ের ঝলক দেখে সিনেমাটি নিয়ে প্রত্যাশাও বেড়েছে ভক্তদের।

‘ঈঠা’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের সঙ্গে আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, জিশান আইয়ুব, নানা পাটেকর, অনন্ত যোশীসহ আরও অনেকে।

আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে শ্রদ্ধার ভক্তদের এখন অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।