দীর্ঘ সময় সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে নিয়ে জীবন কাটানোর পর নতুন অধ্যায় শুরু করেছেন অভিনয়শিল্পী সোহানা সাবা। নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর দেড় বছরেরও বেশি সময় আগে বিয়ে করেছেন এই অভিনেত্রী। তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

সম্প্রতি নিজেই বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন সোহানা সাবা। জানিয়েছেন, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। দীর্ঘ এই সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করতে চাননি সাবা। শুধু জানিয়েছেন, দেড় বছরেরও বেশি সময় আগে নিজেদের বাসায় ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


শুরুতে স্বামীর পরিচয় নিয়ে বিস্তারিত জানাতে চাননি এই অভিনেত্রী। শুধু জানিয়েছিলেন, তিনি একজন ব্যবসায়ী এবং নিজের অঙ্গনে পরিচিত। পরে তার নাম ফয়সাল বলে জানান সাবা।

ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু প্রসঙ্গে সোহানা সাবা জানান, প্রথম দেখাতেই তার মনে হয়েছিল, ‘এই মানুষটির জন্যই হয়তো তিনি এত দিন অপেক্ষা করেছেন।’ পরে ফয়সাল তাকে ভালোবাসার কথা জানান। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

বিয়ের পরের জীবন নিয়েও কথা বলেছেন সাবা। জানিয়েছেন, তারা ভালো আছেন। তার ছেলে মায়ের নতুন জীবনসঙ্গীকে পছন্দ করেছে এবং বিয়ের খবরে সেও বেশ খুশি হয়েছে।

এর আগে ২০০৯ সালে পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহানা সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্রসন্তান। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৫ সালে মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদ হয় সাবার।

এরপর দীর্ঘ সময় ছেলেকে নিয়ে একাই জীবন কাটিয়েছেন এই অভিনেত্রী। এবার সাড়ে পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ফয়সালের সঙ্গে বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন সোহানা সাবা।