ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ এই পদে তাকে বসানো হলো।

রোববার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ নিয়োগের তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহসেন রেজাই।

৭১ বছর বয়সী রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালের বড় একটি অংশজুড়ে ইরান-ইরাক যুদ্ধ চলেছে।

পরবর্তী সময়ে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেন রেজাই। একপর্যায়ে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টার দায়িত্বও পালন করেন।

হরমুজ নিয়ন্ত্রণকে ‘পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’ বলেছিলেন রেজাই

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন রেজাই।

গত জুলাইয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে ইরানের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক গুরুত্ব বহন করে।

জুলঘাদর হচ্ছেন খামেনির রাজনৈতিক উপদেষ্টা

রেজাইয়ের আগে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধানের দায়িত্বে ছিলেন মোহাম্মদ বাঘের জুলঘাদর। তিনিও আইআরজিসির সাবেক কমান্ডার।

গত মার্চে তিনি কাউন্সিলের এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে রোববার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় জানিয়েছে, জুলঘাদর এখন আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

রেজাইয়ের নতুন নিয়োগ ইরানের জাতীয় নিরাপত্তা ও সামরিক নীতিতে আইআরজিসির অভিজ্ঞতাকে আরও গুরুত্ব দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।