বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপা যে পথে হেঁটেছিল, আপনারাও সেই পথে হাঁটছেন।’ তিনি সতর্ক করে বলেন, এই পথের শেষ ঠিকানা দিল্লি। বাংলাদেশের মানুষ দেশের ওপর কোনো আধিপত্যবাদ বা দিল্লির খবরদারি মেনে নেবে না।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ‘আপা যাওয়ার আগে বলতো—আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কী হইছে এখন? পালাইছে।’

তিনি আরও বলেন, ‘বাচ্চারা স্লোগান দিয়েছিল—পালাইছে রে পালাইছে। এই পথে যারাই হাঁটবেন, তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি।’

বাংলাদেশের ওপর কোনো দেশের খবরদারি ও আধিপত্য মেনে নেওয়া হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, ‘এ দেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের ওপর চায় না। কোনো আধিপত্যবাদ মানবো না।’

‘গণভোটের রায় না মানলে নাই হয়ে যাবেন’

গণভোটের রায় প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জনগণ গণভোটে তাদের মতামত দিয়েছে। সেই রায়কে অগ্রাহ্য না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন।’

জনগণের রায়কে অগ্রাহ্য ও অপমান করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মজলুম ছিলেন, আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসুন। জনগণের সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন।’

এমনটি করা হলে বিরোধী দল হিসেবে সহযোগিতার আশ্বাসও দেন জামায়াত আমির।

‘ক্ষমতা কারও কোমরের নিচে চিরস্থায়ী নয়’

ক্ষমতার লোভ থেকে সতর্ক করে শফিকুর রহমান বলেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়।

তার ভাষায়, ‘আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন উঠিয়ে নিতে চান তখন উঠিয়ে নেন।’

ফ্যাসিবাদকে কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পৃক্ত না করে এটিকে একটি ‘ভাইরাস’ হিসেবে উল্লেখ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদ একটা রোগ। এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস। এটা যেখানেই ভর করে, তারাই ফ্যাসিবাদী।’

তিনি বলেন, এক ফ্যাসিবাদীকে সরিয়ে বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না।

‘প্রয়োজনে আবারও রাস্তায় নামতে হবে’

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, তখন মা-বোনসহ সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন। প্রয়োজনে আবারও রাস্তায় নামার প্রস্তুতির কথা জানান তিনি।

শফিকুর রহমান বলেন, ‘হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। যাদের জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ।’

অপরাধ, দখলবাণিজ্য, চাঁদাবাজি ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

তিনি বলেন, ‘কাপুরুষ তারা—যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা তোলে, যারা মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সে যেই হোক, আমার সন্তান হলেও ওটাও কাপুরুষ।’

‘শিশু থেকে বয়স্ক—সবার নিরাপত্তা চাই’

দেশের সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, শিশু, নারী, মা, যুবক ও বয়স্ক—সবার নিরাপদ বাংলাদেশ প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা দেখতে চাই আমাদের শিশুরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ, আমাদের মায়েরা নিরাপদ, আমাদের যুবকরা নিরাপদ, আমাদের বয়স্করা নিরাপদ। সকল ধর্মের মানুষ নিরাপদ, সকল বর্ণের মানুষ নিরাপদ, এ দেশের সকল ভাষার মানুষ নিরাপদ।’