দেখতে দেখতে চার বছরে পা দিল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। ছেলের চতুর্থ জন্মদিনে জমকালো আয়োজনের বদলে ঘরোয়া আবহে বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন অভিনেত্রী। তবে দিনটি শুধু পূণ্যের জন্মদিন নয়, পরীমনির কাছেও এটি বিশেষ—কারণ ছেলের জন্মের মধ্য দিয়েই ‘মা পরী’ হিসেবে তার নতুন জীবনের শুরু হয়েছিল।

২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেওয়া পূণ্যের চতুর্থ জন্মদিনের প্রথম প্রহরে সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। সেখানে মাতৃত্বের অনুভূতি ও ছেলেকে ঘিরে তার আবেগের কথা তুলে ধরেন তিনি।

ছেলের জন্মদিনে পরীমনি জানান, রাতে সামাজিকমাধ্যমে ছেলেকে শুভেচ্ছা জানালে পুণ্যও উল্টো মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

পরীমনি লিখেছেন, ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বললে জবাবে পুণ্য বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু।’

ছেলের মুখে এমন কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তার কাছে দিনটি তাই কেবল সন্তানের জন্মদিন নয়, নিজেরও একটি বিশেষ দিন।

‘মা পরীর জন্মদিন’

সামাজিকমাধ্যমের পোস্টে পরীমনি লিখেছেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’

অভিনেত্রীর এই কথায় ফুটে উঠেছে সন্তানের জন্মের পর তার জীবনে মাতৃত্বের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, তার গভীর অনুভূতি।

ঘরোয়া আয়োজনে পুণ্যের জন্মদিন

ভিডিওতে দেখা যায়, ঘর সাজানো হয়েছে রঙিন বেলুন দিয়ে। টেবিলজুড়ে রাখা হয়েছে হাফ ডজন কেক। আর সেই আয়োজনের পাশেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ছোট্ট পুণ্য।

ছেলের জন্মদিনের এই মিষ্টি মুহূর্তটি মজার ছলেই ভাগ করে নিয়েছেন পরীমনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’

ছেলের চতুর্থ জন্মদিনে মায়ের এমন আবেগঘন বার্তা ও ঘরোয়া আয়োজন ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।