ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে অবস্থান করছেন নেপালে। সেখানে আসন্ন সিনেমা 'শিকার'-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার দুপুরে শুটিংয়ের ফাঁকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন অভিনেত্রী। দীর্ঘক্ষণ ভক্তদের সঙ্গে আলাপকালে নিজের কাজ, বর্তমান ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সিনেমায় অনিয়মিত হওয়াসহ তাকে নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্ন নিয়ে কথা বলেন অভিনেত্রী। লাইভে এসে প্রথমেই সিনেমায় নিয়মিত না থাকার কারণ স্পষ্ট করেন অপু বিশ্বাস। বর্তমানে ছেলের পড়াশোনা ও তাকে সময় দেওয়াকেই জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তিনি। 

অভিনেত্রী বলেন, ‘আমার সিনেমা নিয়ে অনেকের মাথা ব্যথা। সিনেমা কেন অপু করছে না, সিনেমা না করলে শেষ হয়ে যাবে! এসব বিষয় নিয়ে একটু কথা বলি। আমার বাচ্চা এখন এইট প্লাস। একজন মা হিসেবে তাকে সময় দেওয়াটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি এখন সিনেমা করি, তবে টানা ২৫ দিন সময় দিতে হয়। সেই সময়টা আমার সন্তানের জন্য অনেক জরুরি। বিশেষ করে ছয় বছর আগে আমার মা মারা যাওয়ার পর থেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমারই তাকে সবচেয়ে বেশি সময় দেওয়া প্রয়োজন। তাই সিনেমা আসলে খুব বেশি ফোকাসে রাখিনি।’

অপু বলেন, ‘ফটোশুট, ওপেনিং বা ব্র্যান্ডের কাজগুলোর টাইমিং খুব লাইট থাকে। এগুলো করলে বাচ্চাকে মেইনটেইন করা আমার জন্য সহজ হয়। টানা চলচ্চিত্রের শুটিং করা এই মুহূর্তে আমার জন্য সম্ভব হচ্ছে না। তবে কাজের পাশাপাশি আমি আমার ব্যবসাতেও সময় দিচ্ছি। আপনারা অনেকেই জানেন আমার সিগনেচার বিউটি পার্লার রয়েছে, বুটিক্স থেকে অনলাইনে সালোয়ার কামিজও সেল করছি।’