আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমিতে কর্মসংস্থানকেন্দ্র ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা ধরে রাখতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

অবৈধ পথে বিদেশ যাত্রা নিয়ে সতর্কতা

অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা এবং দালালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার বিষয়ে সতর্ক করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

তিনি বলেন, অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা কিংবা দালালের মাধ্যমে প্রতারণার শিকার হলে এর পরিণতি অত্যন্ত কঠিন হতে পারে। দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সুগম করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

প্রতারণা কমাতে প্রশিক্ষণ ও নিয়োগে গুরুত্ব

আরিফুল হক চৌধুরী জানান, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের বিদেশে পাঠানো হলে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিও কমবে।

এর আগে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছে মন্ত্রী বৃক্ষরোপণ করেন। পরে তিনি একাডেমির গার্মেন্টস কারখানা, বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।