স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
স্প্যানিশ সরকারি সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, দুটি ট্রেন একই লাইনে চলার সময় একটি ট্রেন পেছন থেকে অন্যটিকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় দুটি ট্রেনেই মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ দুর্ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। অন্যদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে ৪৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে ৫৪ বছর বয়সী এক যাত্রী জেসুস জেরোনিমো জানান, সংঘর্ষের সময় ট্রেনের যাত্রীরা ছিটকে বাইরে পড়ে যান। প্রথমে তাঁরা ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে মনে করেছিলেন। পরে বাইরে বেরিয়ে ট্রেনের একটি অংশ একদিকে কাত হয়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে অনেক আহত মানুষ ছিলেন এবং আতঙ্কে অনেকে কাঁপছিলেন বলেও জানান তিনি।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা ও পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি সংশ্লিষ্ট রেলপথে চলাচল বন্ধ রাখা হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট