মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের রামনগর এলাকার হাজারী বাড়ি ও আবুল ফকির বাড়ির সামনে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় লাল চাঁদ বাদশা (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
একই দিন রাত সোয়া ৯টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শশীদল গার্লস হাইস্কুলের সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া ১০ হাজার ৫০০ পিস ভারতীয় ‘স্টার রেইন ইলেকট্রিক স্পার্কলার্স’ এবং ৭৫ পিস ‘কালার কালেকশন’ বাজি উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহাবুব আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এ ছাড়া মঙ্গলবার বাগরা পশ্চিমপাড়া এলাকা থেকে খোদেজা বেগম ওরফে খোদেজাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
অন্যদিকে, সাহেবাবাদ বাজার এলাকার মোহন মিয়াকে নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে দুটি সাজা-সংক্রান্ত পরোয়ানা রয়েছে।
এ ছাড়া মাদক সেবনের অপরাধে ছয়জনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—মাজহারুল ইসলাম (১৯), সাকিল (১৮), মেহেদী হাসান (২২), জিহাদ (২৪), আজিম খান (২৩) ও সামির আহম্মেদ (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার করা মাদক ও বাজি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
সূত্র: ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।