হাতে কফির কাপ, জানালার পাশে বসে থাকা স্নিগ্ধ মুহূর্ত—এমনই ক্যাজুয়াল লুকে ভক্তদের নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিরসবুজ এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা গেছে হালকা গোলাপি শার্ট ও ঢিলেঢালা জিন্সে। সাধারণ পোশাক, খোলা চুল ও হালকা মেকআপে তার উপস্থিতিতে ফুটে উঠেছে স্নিগ্ধতা।

একটি ছবিতে দুই হাতে বড় কফির মগ ধরে ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়েছেন পূর্ণিমা। অন্য ছবিতে গ্লাসঘেরা জানালায় হেলান দিয়ে কিংবা জানালার বাইরে আনমনে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে।

ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘হাতে কফি, মনে শান্তি।’

তার এই ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। মন্তব্যের ঘরে অনেকেই ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন। সাদামাটা সাজেও প্রিয় অভিনেত্রীর সৌন্দর্য ও স্নিগ্ধ অভিব্যক্তি মুগ্ধ করেছে ভক্তদের।