বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, বিএনপি নির্বাচনের সময় নানা কথা বলে আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা বলেছেন, হাতেপায়ে ধরে ভোট নেওয়ার পর এখন বেইমানি করা হচ্ছে কেন। আওয়ামী লীগের আরেক নেতার বক্তব্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, অন্তত ৯৫টি আসনে বিএনপিকে জেতাতে আওয়ামী লীগের ভোট ভূমিকা রেখেছে।

জামায়াতের আমির অভিযোগ করেন, বিএনপি নতুন নতুন বক্তব্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অর্থ, অস্ত্র ও মাদক প্রবেশ ঠেকাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, জনগণকে কার্ড দেওয়ার ঘোষণা দেওয়া হলেও কতজনকে, কখন এবং কীভাবে দেওয়া হবে—তা স্পষ্ট নয়। তাঁর অভিযোগ, করের বোঝা, দুর্নীতি ও নিত্যপণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পঞ্চগড়ে উৎপাদিত লাউয়ের ন্যায্যমূল্য না পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি কৃষকের দুরবস্থার কথাও বলেন।

চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ তুলে তিনি বলেন, এসব বন্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদত্যাগেই কি ঘটনার দায় শেষ হয়ে যায়, নাকি আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সরকারের সাত মাসের কার্যক্রমের সমালোচনা করে জামায়াতের আমির আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয় লোক নিয়োগ এবং বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তিনি সরকারের প্রতি সংবিধান সংশোধনের নামে জনগণকে বিভ্রান্ত না করে নিজ দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তা না হলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও বলেন তিনি।

নিজেদের আন্দোলনের বিষয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত বা ১১-দলীয় জোটের দলীয় দাবি নয়, তাঁরা জনগণের অধিকার আদায়ের দাবিতে মাঠে নেমেছেন। দাবি বাস্তবায়নে চাপ দেওয়া হলেও তাঁরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। বিশৃঙ্খলায় তাঁরা বিশ্বাস করেন না উল্লেখ করে আন্দোলনের ওপর কেউ যেন বিশৃঙ্খলা চাপিয়ে দেওয়ার চেষ্টা না করেন, সে আহ্বানও জানান তিনি।

গণভোটের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, তাঁর দাবি অনুযায়ী, ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। জনগণ পরিবর্তন ও সংস্কার চান এবং পুরোনো রাজনৈতিক ধারার পরিবর্তে নতুন রাজনীতি প্রত্যাশা করেন বলেও মন্তব্য করেন তিনি।