সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় অফিসে থাকায় অল্পের জন্য রক্ষা পান তিনি। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঘটনার পর শনিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ আকবর। ভক্তদের আশ্বস্ত করে তিনি জানান, তিনি সুস্থ আছেন।
আসিফ বলেন, ‘বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’
ঘটনার সময় নিজের অফিসে বসে ছিলেন বলে জানান এই সংগীতশিল্পী। অফিস থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে ছেলের সঙ্গে কথা বলার জন্য কিছুটা দেরি করায় ওই সময় গাড়িতে ছিলেন না।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কাউকে সন্দেহ করছেন না আসিফ। তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না, কারা এ কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে, আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই। তারা ওই সময়টা বুঝেই টার্গেট করেছে। কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে।’
পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে রাখা ছিল আসিফের গাড়ি। ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ।
এদিকে আসিফ আকবরের গাড়িতে গুলি চালানোর ঘটনায় শোবিজ অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিনেতা ওমর সানী, সংগীতশিল্পী ধ্রুব গুহসহ অনেকে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।