আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করাই এ সফরের অন্যতম লক্ষ্য।

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর ক্ষেত্রে এ সফর তাৎপর্যপূর্ণ। সফরকালে দুই দেশের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।

সফরের শুরুতে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এক্সপোটির মূল লক্ষ্য বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির প্রত্যাশা করা হচ্ছে।

স্পেন সফর শেষে ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশের সম্ভাবনা নিয়ে কাজ করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, স্পেন ও যুক্তরাজ্যে এ সফর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।