ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ ২৪ অক্টোবর। প্রতি বছরের মতো এবারও ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজনে বিশেষ দিনটি উদযাপন করেছেন তিনি।
এবারের জন্মদিনের আয়োজনে ছিল শিউলি ফুলের বিশেষ ছোঁয়া। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়ি সাজানো হয়েছিল শিউলি ফুল দিয়ে। এমনকি শিউলি ফুলের নকশা করা শাড়ি পরেও নজর কেড়েছেন এই অভিনেত্রী। পুরো আয়োজনেই ফুটে উঠেছে শরতের শিউলি ফুলের সৌন্দর্য।
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’
ভক্তদের ভালোবাসার প্রতিদান ভালো কাজের মাধ্যমে দিতে চান পরীমনি। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতেও দর্শকদের জন্য মানসম্মত কাজ উপহার দিতে পারবেন তিনি।
পরীমনিকে সর্বশেষ দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।