যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী সমাবেশে আবারও ভারত-পাকিস্তান সংঘাত বন্ধের কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই পারমাণবিক শক্তিধর দেশকে চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিলেন তিনি। একই সঙ্গে আটটি যুদ্ধের নিষ্পত্তি করেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প।

শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

ট্রাম্পের দাবি, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সময় তিনি দুই দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার এবং ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এরপর দুই দেশই গোলাগুলি বন্ধ করে দেয়।

সমাবেশে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ। সংঘাত বন্ধ না করলে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে দেওয়া হবে না এবং উভয় দেশের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এতে ভারত ও পাকিস্তান ক্ষুব্ধ হলেও শেষ পর্যন্ত গোলাগুলি বন্ধ করে এবং সংঘাতের অবসান ঘটে। এ সময় ১১টি বিমান ভূপাতিত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে কোন পক্ষের কতটি বিমান ভূপাতিত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

নিজের কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে পারা তাঁর জন্য সম্মানের। এ ক্ষেত্রে জাতিসংঘের কোনো সহায়তা নেননি বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, তিনি জাতিসংঘে একবারও ফোন করেননি। অথচ একাধিক সংঘাত বন্ধে ভূমিকা রেখেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এতগুলো যুদ্ধ চলছিল, তা তাঁর ধারণায় ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

নিজের দাবি করা কূটনৈতিক সাফল্যের পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।’

সূত্র: ফোর্বস