বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের প্রস্তুতি চলছে। এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৬ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

শনিবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হবে। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ২৯ অক্টোবর।

তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। পরে শূন্য আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।