আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন পথে জাহাজ চলাচলের চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌ কমান্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইআরজিসির নৌ কমান্ড জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অব্যাহত থাকলে এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোও তাদের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হবে।

বিপ্লবী গার্ডের নৌ কমান্ডের পক্ষ থেকে বলা হয়, “যুক্তরাষ্ট্রের আগ্রাসী সেনাবাহিনীকে অবশ্যই বুঝতে হবে, এটি অব্যাহত থাকলে প্রতিরোধ আগ্রাসনকারীদের এ অঞ্চলের ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি গুরুতর সতর্কতা।”

এর আগে বৃহস্পতিবার সকালে আইআরজিসি জানায়, তেল চোরাচালানে জড়িত চারটি জাহাজে হামলা চালানো হয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। একই সময়ে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে তিনটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে বলেও জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রও পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও তেল পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

তবে অবরোধের মধ্যেও ছোট ছোট জাহাজে করে আরব দেশগুলোর তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হচ্ছিল। এমনকি সেপ্টেম্বরে এই পথে তেল সরবরাহ যুদ্ধ-পরবর্তী সময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর থেকেই ইরান ছোট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা