প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স ও টেসলাকে একীভূত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠান দুটি এক হলে সম্মিলিত বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারে, যা বাস্তবায়িত হলে করপোরেট ইতিহাসের অন্যতম বৃহত্তম একীভূতকরণ হিসেবে বিবেচিত হবে।
গত মঙ্গলবার স্পেসএক্সের প্রান্তিক আয়বিষয়ক এক সভায় ইলন মাস্ক জানান, সম্ভাব্য একীভূতকরণ যাচাই করতে স্পেসএক্স ও টেসলা আলাদা বিশেষ কমিটি গঠন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি খাতে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম পরস্পরের পরিপূরক হওয়ায় এই উদ্যোগের সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মাস্ক। তাঁর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কমিটিগুলোকে প্রথমে একটি সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করতে হবে। পরে সেটি শেয়ারহোল্ডারদের ভোটের জন্য উপস্থাপন করা হবে।
প্রস্তাবটি বাস্তবায়নে টেসলার অন্তত ৫০ শতাংশ শেয়ারহোল্ডারের অনুমোদন প্রয়োজন হবে। ফলে একীভূতকরণের পরিকল্পনা চূড়ান্ত করতে আরও আলোচনা ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
একীভূতকরণ সম্পন্ন হলে বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম একই কাঠামোর আওতায় আসতে পারে। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।