খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা লুৎফর শেখের ছেলে।

গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, আহত জুম্মানের দেওয়া তথ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এতে তাঁর বাম পায়ের ঊরুতে গুলি লাগে। পরে ওই ব্যক্তিরা তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, আহত জুম্মান বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। এ বিষয়ে তাঁর ভাইয়ের সঙ্গেও কথা বলা হচ্ছে। ঘটনার পেছনের কারণ এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন।

ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।