এলপিজির দাম বাড়ানোর পর এবার বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) এক বার্তায় নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বিইআরসি। নতুন দাম ৭ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮২ টাকা ৭১ পয়সা। এর আগে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকমুক্ত ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।

এলপিজির দামও বাড়ানো হয়েছে

এর আগে চলতি মাসে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বিইআরসি। গত ৪ অক্টোবর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৭৯৩ টাকা নির্ধারণ করা হয়। সেপ্টেম্বর মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৪১ টাকা।

অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরে প্রতি কেজি দাম ছিল ১৩২ টাকা ৮ পয়সা। ফলে প্রতি কেজিতে এলপিজির দাম বেড়েছে ২০ টাকা ৯৮ পয়সা।

জ্বালানি তেলের দামও বেড়েছে

এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন দরে ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফলে অক্টোবর মাসে এলপিজির পর এবার জেট ফুয়েলের দামও বাড়ল।