খুলনার দিঘলিয়ায় বাড়ির সামনে দোকানে চা খেতে বেরিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও তিনটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিমুল গণি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে নাসিম বাড়ির সামনে একটি দোকানে চা খেতে বের হন। এ সময় একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা নাসিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ওসি আরও জানান, নিহত নাসিমের বিরুদ্ধে চারটি হত্যা মামলা এবং তিনটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।