স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের ব্যাংক, বিমা, পুঁজিবাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, কার্যত দেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই বর্তমানে বিধ্বস্ত অবস্থায় পরিণত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে শুধু স্বাস্থ্যব্যবস্থা নয়, কার্যত দেশের সব প্রতিষ্ঠান এখন বিধ্বস্ত অবস্থায় আছে। ব্যাংক, বিমা, করপোরেশন, স্টক মার্কেট আজকে মাটির সঙ্গে মিশে আছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। দিনে-দুপুরে ও রাতে খোদ রাজধানীতে বিভিন্ন অপকর্ম ঘটে চলেছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের কেন্দ্রীয় অবস্থান রয়েছে। কেন্দ্র থেকেই যদি এই চিত্র দেখা যায়, তবে সারাদেশের অবস্থা কী—তা সহজেই অনুমেয়। এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’

বক্তব্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও মালামাল চুরির বিরুদ্ধে সম্প্রতি সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিবাদের প্রসঙ্গ তুলে ধরেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘তিনদিন আগে ঢাকা এয়ারপোর্টের সীমাহীন দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান। লাগেজ পাওয়ার জন্য একজন যাত্রীকে কেন তিন ঘণ্টার বেশি অপেক্ষা করতে হবে? তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তা শতভাগ সত্য।’

প্রবাসী ও সাধারণ যাত্রীদের অধিকারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিনি কথা বলেছেন ভুক্তভোগী প্যাসেঞ্জার এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসী ভাই-বোনদের জন্য, যাদের ব্যাগের তালা কেটে ভেতরের মূল্যবান সম্পদ চুরি করা হয়। কিন্তু সেই প্রতিবাদের অপরাধে তার বিরুদ্ধেই তড়িঘড়ি করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে শারীরিক নাজেহালের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে জামায়াত আমির প্রশ্ন তোলেন, ‘আদালতে যখন আমাদের আইনজীবী ঘটনার ফুটেজ চেয়েছেন, তখন বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় সিসি ক্যামেরা ছিল না। পুরো বিমানবন্দর যেখানে নজরদারির আওতায়, সেখানে এমন অজুহাত রহস্যজনক।’

বক্তব্যের শেষভাগে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ডা. শফিকুর রহমান।