কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর চারটি বার ও প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

অভিযানের আওতায় থাকা অন্য তিনটি প্রতিষ্ঠান হলো—ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ।

সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার কিছু বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে ‘অবৈধ উৎস’ থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ‘ফাঁকি’ এবং ‘অননুমোদিত’ গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ অনুসন্ধানে সিআইআইডি চারটি দল গঠন করেছে। অভিযান পরিচালনায় দলগুলোর সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা রয়েছেন।

তবে অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।