রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে দাবি করেন, বিমানবন্দরে সংঘটিত ঘটনার পেছনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোনো মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যে ঘটনায় মামলা

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটে ৩৪ জন জামায়াত প্রতিনিধি সপরিবারে ঢাকায় আসেন। ওই সময় বিমানবন্দরে যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহে দীর্ঘ লাইন তৈরি হয়। পাশাপাশি লাগেজ ও ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব ঘটে।

এ ঘটনায় কয়েকজন যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তি উত্তেজিত হয়ে পড়েন। পরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই সময় আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের সঙ্গে রূঢ় ও অশালীন আচরণ করেন এবং তাকে হুমকি দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, আখতারুজ্জামান বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গেও তিনি মারমুখী আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজীব বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

জমজমের পানি সরবরাহে বিলম্বের ব্যাখ্যা

এদিকে ওই ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, কনটেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্ব হয়েছিল। বিষয়টি নজরে আসার পর সংরক্ষিত স্টক থেকে দ্রুত পানি সরবরাহের ব্যবস্থা করা হয় এবং পরে অপর কনটেইনার শনাক্ত করে সরবরাহ নিশ্চিত করা হয়।

আখতারুজ্জামানের মুক্তি দাবি জামায়াতের

মেজর (অব.) আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি।

শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।