শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানভেদে টানা ১০ থেকে ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সময়সূচি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। এরপর ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি পাওয়া যেতে পারে।
তবে প্রয়োজন অনুযায়ী ছুটির সূচিতে পরিবর্তন আনতে পারে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
কলেজে ছুটি ১৬ দিন পর্যন্ত
কলেজের শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।
মাদরাসায় তিন দিনের নির্ধারিত ছুটি
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছুটি প্রতিষ্ঠানভেদে
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির চিত্র ভিন্ন। দেশের সব বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।
তাই দুর্গাপূজা উপলক্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে এর আগে বা পরে অতিরিক্ত ছুটি থাকতে পারে। ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলের কার্যক্রমের সময়সূচিও বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির সময় নিশ্চিত হওয়া যাবে।
সরকারি চাকরিজীবীদেরও টানা ৫ দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও এবার বাড়ানো হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী ও ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়ায় সাপ্তাহিক ছুটিসহ সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।