ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের খেয়াঘাট এলাকায় মুহুরী নদীর তীরে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমার পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।
প্রতি বছর ভারতীয় উজান থেকে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনের এ সমস্যা মোকাবিলায় স্থায়ী অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সড়কপথে পরশুরামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে পরশুরাম-সুবার বাজার সড়কের স্টিল ব্রিজসংলগ্ন মুহুরী নদীর তীরে নির্ধারিত স্থানে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, নদীতীর প্রতিরক্ষা এবং সেচ অবকাঠামো সংস্কার করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতীরবর্তী এলাকার বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।