আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো ইউপি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা, রমজান, বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ স্থানীয় সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের বিষয়ে একটি সুসংহত ও বাস্তবসম্মত সিদ্ধান্তে আসবে কমিশন।

ইসি সচিব জানান, ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এর মূল লক্ষ্য অপতথ্য, ভুল তথ্য বা ডিসইনফরমেশন এবং বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানো। ইউএনডিপির BALLOT প্রকল্পে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ দীর্ঘমেয়াদি নির্বাচনী সক্ষমতা উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

আখতার আহমেদ বলেন, প্রস্তাবিত প্রশিক্ষণ কোনো একটি নির্দিষ্ট নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। এটি ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ। বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সময়সূচিসহ বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে। নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

তিনি আরও জানান, ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি স্থানীয় পরিবেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউএনডিপির তথ্য অনুযায়ী, BALLOT প্রকল্পটি ২০২৫–২০২৭ মেয়াদে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানো এবং তথ্যের অখণ্ডতা, ভোটার শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়া জোরদারে কাজ করছে।