বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দলীয় পদ থেকেও পদত্যাগ করতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপি ও সংসদ সদস্য—দুই পদ থেকেই পদত্যাগ করবেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির একজন নীতিনির্ধারক জানান, সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। ওই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এদিকে ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এর পরপরই তার দলীয় ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে সামনে আসে।

দলীয় সূত্রের ভাষ্য, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।