আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বছর প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রযুক্তি ও তদারকি জোরদার করা হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবহার করা হবে। এ জন্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্স, বিভাগ ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।
প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় যাচাইয়ের পর আইডি কার্ড দেওয়া হবে। পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঁচ দিনের ছুটির সুযোগ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার সরকারি ছুটি একদিন থেকে বাড়িয়ে দুইদিন করা হয়েছিল। এ বছর আরও একদিন বাড়িয়ে তিনদিন করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত পাঁচদিনের ধারাবাহিক ছুটি পাওয়া যাবে বলে জানান তিনি।
এ ছাড়া পূজামণ্ডপে সরকারি অনুদানের পরিমাণ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলবে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলছে এবং তা আরও জোরদার করা হবে।
অপরাধের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্প্রতি মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশ ভ্যান ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে যোগাযোগের ঘাটতি বা সমন্বয়হীনতার তথ্য পাওয়া গেছে বলে জানান মন্ত্রী। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয়। জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।