সব পক্ষের সঙ্গে আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ বা অংশগ্রহণমূলক সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৈঠকে বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আলোচনার দ্বার সবার জন্য উন্মুক্ত। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে নাম দেওয়ার, অন্তর্ভুক্ত হওয়ার এবং আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক শক্তি, সংগঠন ও ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করা হবে। পাশাপাশি গত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার ব্যক্তিদের পরিবার, জীবিত ভুক্তভোগী এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গেও প্রতিনিধিত্বমূলকভাবে মতবিনিময় করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাজের মতামত ও পরামর্শ নেওয়া হবে। এরপর সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হবে।

পরবর্তীতে ওই প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, তখনও আলোচনা চলবে। সংসদের পাশাপাশি সংসদের বাইরেও মতামত নেওয়া হবে। এভাবে সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংশোধনী গ্রহণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা

বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ একক রাষ্ট্র হওয়ায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদ আদৌ প্রয়োজন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, সংবিধানে বাংলাদেশকে একটি ‘ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সুভারেন রিপাবলিক’ বলা হয়েছে এবং দেশে অঙ্গরাজ্য ব্যবস্থা নেই। সে বিবেচনায় বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব এসেছে।

তবে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সেই হিসাবেই এগোতে চান তারা।

তত্ত্বাবধায়ক সরকার নিয়েও মতামত নেওয়া হবে

বৈঠকে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে আরও উন্মুক্ত আলোচনা এবং প্রস্তাব প্রয়োজন বলে জানান সালাহউদ্দিন আহমদ। যেটিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য মনে হবে, সংসদ সেটি বিবেচনা করে গ্রহণ করবে বলেও জানান তিনি।