লংমার্চের নামে বিপুল পরিমাণ তেল ও গ্যাস অপচয় করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ থেকে ভেন্ডাবাড়ী সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, বিএনপি সারা দেশে সুষম উন্নয়নে বিশ্বাস করে। দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। আগামী সাড়ে চার বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল মানুষ দেখতে পাবেন।
তিনি বলেন, ‘আমরা আপনাদের বেহেশতের গ্যারান্টি দিতে পারব না। বেহেশত পেতে হলে মহান আল্লাহর ইবাদত করতে হবে। আমরা আপনাদের উন্নয়নের গ্যারান্টি দিতে চাই।’
১১ দলীয় জোটের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লাখ লাখ লিটার তেল ও গ্যাস অপচয় করে তারা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের আমলে সৃষ্ট সংকট বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন। তবে সরকার গঠনের ছয় মাস না যেতেই একটি নির্বাচিত সরকারকে পতনের হুমকি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের পতন সহজ নয় দাবি করে মীর শাহে আলম বলেন, জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত এ সরকার পাঁচ বছর জনগণের জন্য কাজ করতে চায়। এরপর জনগণের কাছে ভোট চাওয়া হবে। জনগণই সিদ্ধান্ত নেবেন কারা দেশ পরিচালনা করবে।
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে শেখ হাসিনার ফিরে আসার পথ সুগম হয়।
পীরগঞ্জের বড়দরগাহ থেকে ভেন্ডাবাড়ী সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকরণ কাজ বাস্তবায়িত হলে স্থানীয়দের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।