প্রকৃতিতে এখন শরতের আবহ। ঝকঝকে নীল আকাশ আর বিস্তীর্ণ প্রান্তরজুড়ে সাদা কাশফুলের দোলা—শরৎ যেন বাংলার প্রকৃতিকে সাজিয়ে তুলেছে নতুন রূপে। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে কাশফুলের সঙ্গে নানা মুহূর্তের ছবি ও ভিডিও।

শরতের সেই আমেজে এবার নিজেকে মেলালেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরী। কাশবনে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন পূজা। ছবিতে দেখা যায়, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরছেন অভিনেত্রী। কখনো কাশফুলের পাশে, কখনো গাছের ছায়ায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে শরতের সৌন্দর্যের প্রশংসা করে পূজা লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

শরৎ এলেই বাঙালির মনে জেগে ওঠে দুর্গাপূজার আবহ। পূজার ক্যাপশনেও ফুটে উঠেছে সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি।

এদিকে কাশবনে অভিনেত্রীকে দেখে প্রশংসায় ভাসিয়েছেন তার অনুরাগীরা। পোস্টের মন্তব্যঘরে কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’ অনেকে তাকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন। পোস্ট দেওয়ার আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে এতে হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।

অভিনয়ে অবশ্য সাম্প্রতিক সময়ে কিছুটা নীরব রয়েছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার খবরেও তাকে দেখা যায়নি। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগেই।