প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন রাখা হবে।’
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনেও একইভাবে কাজ করবে। নির্বাচনি মাঠের পরিবেশ ভালো রয়েছে বলেও জানান তিনি।
এদিকে তফসিল অনুযায়ী, রোববারই এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।
আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।