সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত যেসব প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি, তাদের বিষয়টি যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, আগামী ১ অক্টোবরের মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলেও বিষয়টি পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে।
ফেসবুক পোস্টে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে তিনি উত্তীর্ণ প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, ১ অক্টোবর পর্যন্ত যারা নিয়োগপত্র পাবেন না, তাদের বিষয়টি যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এর আগে পুলিশি যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের গত ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র দেওয়া শুরু হয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে নিয়োগপত্র না পাওয়া চাকরিপ্রার্থীদের একাংশ এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকেও যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পরে মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্বাচিত প্রার্থীদের পুলিশি ভেরিফিকেশনের নির্দেশ দেয়। এতে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
এর আগে গত ৩ মে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, নির্বাচিত কোনো প্রার্থী বাদ পড়বেন না।