রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের হেফাজতে নেওয়া হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে।
পুলিশের দাবি, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে গুলিস্তানের জাসদ কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানা গেছে।
বিষয়টি জানাজানি হলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন।
বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, বহিরাগতদের অবস্থান এবং বৈঠক চলার বিষয়ে সন্দেহের ভিত্তিতে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চলছে। ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে।
তিনি জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অভিযান চলমান রয়েছে।