জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি সেটিকে ক্ষমতা হিসেবে দেখে না, বরং দায়িত্ব হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাঁর ভাষায়, ‘এটা ক্ষমতা না, এটা দায়িত্ব।’ জনগণের প্রয়োজন মেটানো, তাদের দুর্ভোগ কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে বিএনপি মানুষের পাশে থেকেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছে—এমনটাই দলটির রাজনৈতিক অবস্থান। ১৯৭৫ সালে একদলীয় শাসন চালুর পর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।

দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারও অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

বিরোধী দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো কর্মসূচির সমালোচনার পাশাপাশি বিকল্প ও উন্নত প্রস্তাবও তুলে ধরা উচিত। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে জনগণের উপকার হয় না। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিতে কোনো ত্রুটি থাকলে তা চিহ্নিত করার পাশাপাশি আরও কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।

মহিলা দলের নেতাকর্মীদের দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস, অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান বিএনপির এই নেতা।