পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগানিস্তান থেকে নিক্ষেপ করা ৮টি বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করা নিষিদ্ধ তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) একটি দলকেও প্রতিহত করার দাবি করেছে তারা।
পাকিস্তানি সামরিক সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী তোরখাম এলাকায় চারটি এবং কোহাট জেলায় আরও চারটি ড্রোন নিক্ষেপ করা হয়। পাকিস্তানের দাবি, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়।
সামরিক সূত্র আরও জানায়, ড্রোন হামলার পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় সীমান্ত পেরিয়ে টিটিপির একটি দল অনুপ্রবেশের চেষ্টা করেছিল। পাকিস্তানের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানি সেনাসূত্রের দাবি, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আফগান সেনারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাকিস্তানের সামরিক চৌকি লক্ষ্য করে গুলি ও গোলাবর্ষণ শুরু করে। এর জবাবে পাকিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনী আফগান সেনাবাহিনীর কয়েকটি সীমান্তচৌকি, মর্টার পজিশন ও প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টিটিপিকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে উত্তেজনা বিরাজ করছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য টিটিপিকে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তালেবান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে বিভিন্ন পর্যায়ে বৈঠক হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। সাম্প্রতিক ঘটনাগুলোতে ফের দুই দেশের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
সূত্র: জিও টিভি