ডেস্ক রিপোর্ট:

দেশের বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত দুধ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত মাসে পণ্যটির দাম ১০ টাকা বাড়ানো হয়। একই সময়ে আধা লিটার প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।

অন্যদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটার প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে।

দুধের দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের মতে, প্রতিদিনের পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হওয়া সত্ত্বেও ধারাবাহিকভাবে দাম বাড়ায় অনেক পরিবারের জন্য নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়ছে।

খুচরা বিক্রেতারাও বলছেন, দাম বাড়ার পর তরল দুধের বিক্রি কমেছে। তাদের অভিযোগ, প্রায় একই সময়ে বাজারের বেশির ভাগ ব্র্যান্ডের দুধের দাম লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম সমন্বয় করতে হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, উৎপাদন ব্যয়ের এই বাড়তি চাপই শেষ পর্যন্ত খুচরা বাজারে দুধের দামে প্রভাব ফেলেছে। তবে দাম বৃদ্ধির ফলে ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।