সফরকালে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হবে বলে জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের পারস্পরিক সফর ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।
তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী। একই সঙ্গে দুই দেশের মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করে উভয় দেশের জনগণের কল্যাণ এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে কাজ করতে চায় বেইজিং।
শি জিনপিংয়ের সফরের সময় বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, সরবরাহব্যবস্থা ও তাইওয়ানসহ বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে চলতি বছরের মে মাসে বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হয়েছিল। এবারকার বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য-সমঝোতা অব্যাহত রাখা যায় কি না, সেটিও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে।
সূত্র: রয়টার্স রয়টার্সের প্রতিবেদন