সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার নিজ দপ্তরে বিশ্বজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন। ওই অনুষ্ঠানে বিভিন্ন উপহারের সঙ্গে তাদের হাতে ‘নেক্সাস’ বইও তুলে দেওয়া হয়।
বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া বইগুলো ফেরত নেওয়া হয়েছে।
তিনি জানান, সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী।
এর আগে ‘নেক্সাস’ বই উপহার দেওয়ার ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি ধর্মীয় সংগঠন প্রতিবাদ জানিয়ে বইটি প্রত্যাহারের দাবি জানিয়েছিল।
অনুষ্ঠানে বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদসহ তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।