বিনোদন ডেস্ক:
অপেক্ষার অবসান। প্রথমবার মা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সংসারে এসেছে নতুন অতিথি। রবিবার (২০ সেপ্টেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। মা ও সন্তান দুজনেই ভালো আছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন সোহিনী ও শোভন। ছোট্ট পায়ের ছাপের ছবি প্রকাশ করে তারা লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’

চলতি বছরের জুলাইয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে নতুন অতিথি আসার সুখবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি। এর আগে জুন মাসে সোহিনীর মা হওয়ার খবর নিয়ে আলোচনা শুরু হলেও তখন তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। পরে নিজেরাই সুখবরটি প্রকাশ করেন।

২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সোহিনী ও শোভন। দুই বছর পর তাদের সংসারে এলো প্রথম সন্তান।

গর্ভাবস্থার সময়ও কাজ চালিয়ে গেছেন সোহিনী। বিভিন্ন সিনেমার শুটিং ও প্রচারণায় তাকে দেখা গেছে। তবে সন্তান জন্মের আগে থেকেই কাজের ব্যস্ততা কমিয়ে পরিবার ও মাতৃত্বের এই নতুন অধ্যায়কে গুরুত্ব দিচ্ছিলেন অভিনেত্রী।

নতুন অতিথিকে ঘিরে এখন আনন্দে ভাসছেন সোহিনী-শোভন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা।