পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারায় যেকোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মক্কা ও মদিনা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পবিত্র স্থান এবং মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। এসব পবিত্র স্থানে কোনো ধরনের হামলা বা নিরাপত্তার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়।

ধর্মমন্ত্রী বলেন, পবিত্র আল-হারামাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি মক্কা ও মদিনার দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিবৃতিতে ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার বিষয়ে আপসহীন। তিনি বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।