রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে বাসটিতে চলন্ত অবস্থায় আগুন লাগার কথা জানা গেলেও কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হয়েছে কি না, সে তথ্যও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।