জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকারকে সংস্কারের পথে যাওয়ার আহ্বান জানানো হলেও তারা তা না করে ‘দিল্লির পথে’ এবং ‘শেখ হাসিনার পথে’ গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এদিন ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারকে আমরা বলেছিলাম সংস্কারের পথে যান। তবে সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে। তারেক রহমানকে বলব, যেই পথ শেখ হাসিনার, সেই পথে আপনার মোদির সঙ্গে দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা বলেন, আট দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফাটা হলো বাংলাদেশ থেকে তারেক রহমানের সরকারের পদত্যাগ।’

এনসিপির এই নেতা বর্তমান সরকারকে নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা তরুণ প্রজন্ম দেখতে পেয়েছি বর্তমানে একটি শিশু সরকার রয়েছে। এটা একটা বিষধর সাপ। তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে।’

তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনি মনে করেছেন, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করবেন, আর আমরা বসে বসে আঙুল চুষব। এমন বাংলাদেশ আর হবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে “হ্যাঁ” রায় দিয়েছে। এ রায়ের বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ আমরা তারেক রহমানের সামনে রাখব না।’

১১ দলের লংমার্চ

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনে দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এ লংমার্চের আয়োজন করেছে।

হাটিকুমরুলের পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।