গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের এ লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। আমরা গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’

তিনি বলেন, ‘কোনো দলীয় দাবি নিয়ে আমরা রাস্তায় নামিনি, আমরা কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। জনগণের রায় ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন? ইনশাআল্লাহ দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।’

তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের দাবিকে গুরুত্ব দিতে হবে এবং জনগণের জন্যই তারা এই কর্মসূচিতে নেমেছেন।

এ সময় গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়।

ভোগরা বাইপাসে আয়োজিত পথসভাটি লং মার্চের প্রথম পথসভা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্ধারিত পথসভা একপর্যায়ে বড় সমাবেশে রূপ নেয়। লং মার্চের নেতৃবৃন্দ সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান ও তাকবির ধ্বনিতে তাদের স্বাগত জানান।

সভায় এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। কিন্তু বর্তমান সরকার কোনো অবস্থাতেই তা পারছে না। আমরা সংস্কার চাই, করতে হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘আমরা অধিকার আদায়ের জন্য উত্তরজনপদে লংমার্চে যাচ্ছি। গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে।’ তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা বরদাশত করা হবে না বলে উল্লেখ করেন।

এর আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের পর সকাল ৮টার দিকে ১১ দলীয় ঐক্যের লং মার্চ রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গীতে স্থানীয় নেতাকর্মী-সমর্থকেরা লং মার্চের বহরকে স্বাগত জানান।

গাজীপুরের পথসভা শেষে বহরটি রংপুরের উদ্দেশে রওনা দেয়। পথে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কথা রয়েছে। পরে রংপুরের জিলা স্কুল মাঠে লং মার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।